logo

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধাক্কা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধাক্কা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধাক্কা লেগেছে। গত দুই সপ্তাহে বাজারমূল্য থেকে ২ ট্রিলিয়ন ডলারের বেশি উধাও হয়ে গেছে। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি এবং তেলের দাম বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ায় বাজারে এই চাপ তৈরি হয়েছে।

মার্কিন শেয়ারবাজারের বড় কোম্পানিগুলোর পারফরম্যান্স নির্দেশক সূচক এসঅ্যান্ডপি ৫০০-এর আবারও পতন হয়েছে। সূচকটি শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ৬,৬৩২.১৯ পয়েন্টে আটকে আছে। এতে সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে সূচকটি প্রায় ৫ শতাংশ নিচে নেমে এসেছে এবং ২০২৬ সালে এখন পর্যন্ত এটিই এর সর্বনিম্ন অবস্থান।

শেয়ারবাজারে এই পতন বাড়তে শুরু করে ২৭ ফেব্রুয়ারি থেকে; যুদ্ধ শুরুর আগের দিন। ওই দিন এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬,৮৭৮.৮৮ পয়েন্টে ছিল। এরপর থেকে সূচক প্রায় ৩ দশমিক ৬ শতাংশ কমে গেছে।

এই পতনের ফলে গত দুই সপ্তাহে এসঅ্যান্ডপি ৫০০–এ তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজারমূল্য থেকে আনুমানিক ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার হারিয়ে গেছে, কারণ যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে অস্থিরতা বেড়েছে।

যুক্তরাষ্ট্রে অবসর সঞ্চয় তহবিল, পেনশন ফান্ড এবং অনেক বিনিয়োগ তহবিল এই সূচকের সঙ্গে যুক্ত। তাই সূচকের ওঠা-নামা সাধারণ বিনিয়োগকারীদের ওপরও প্রভাব ফেলে।