logo

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহারের প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘মাদার অব অল বম্বস’ পারমাণবিক অস্ত্র নয়, বরং এটি অত্যন্ত শক্তিশালী একটি প্রচলিত বোমা।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে এই বোমা ব্যবহারের বিষয়টি তার প্রশাসন বিবেচনা করছে; এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বোমাটির প্রকৃতি ব্যাখ্যা করেন।

ট্রাম্প বলেন, ‘মাদার অব অল বম্বস’ পারমাণবিক বোমা নয়। এটি কেবল অত্যন্ত বড় একটি বোমা।’

তিনি আরও বলেন, ‘এটি একটি বিশাল বোমা, কিন্তু পারমাণবিক নয়।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আমাদের তা করার প্রয়োজন নেই।’

সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তার আস্থা রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না।’

তিনি আরও বলেন, ‘আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকে বিশ্বাস করি না।’

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এবং সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে সাক্ষাৎকারে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন এবং প্রচলিত বোমা ও পারমাণবিক অস্ত্রের মধ্যে পার্থক্য তুলে ধরেন।

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প - Asia Post