logo

সরকারি কর্মচারীদের অর্জিত সুবিধা ও অধিকার নতুন বিধিতে কেড়ে নেওয়া যাবে না

সরকারি কর্মচারীদের অর্জিত সুবিধা ও অধিকার নতুন বিধিতে কেড়ে নেওয়া যাবে না
হাইকোর্ট । ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের সময় কোনো কর্মকর্তা বা কর্মচারীর অর্জিত অধিকার ও পদোন্নতি পরবর্তী প্রবিধানমালা বা বিধি সংশোধন করে কেড়ে নেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার ও অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় এমন রায় দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট রায়ে বলেছেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরির প্রবিধানমালা সংশোধন করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষের থাকলেও তা কোনোভাবেই ভূতাপেক্ষভাবে কার্যকর দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আগের অর্জিত আইনি সুবিধা বা অধিকার কেড়ে নেওয়া যাবে না।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে কর্মরত সাতজনের কর্মচারীর পদোন্নতি-সংক্রান্ত বিরোধ সংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ. এফ. এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ গত ১৯ আগস্ট এই রায় দিয়েছেন।

১৭ পৃষ্ঠার ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদালতের মূল রায়টি লিখেছেন বিচারপতি এ. এফ. এম সাইফুল করিম।

আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী এস. আর. এম. লুৎফর রহমান আখন্দ।

অন্যদিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পক্ষে ছিলেন আইনজীবী কবির ইকবাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও আক্তার হোসেন মো. আবদুল ওহাব।

সরকারি কর্মচারীদের অর্জিত সুবিধা ও অধিকার নতুন বিধিতে কেড়ে নেওয়া যাবে না - Asia Post