logo

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, প্রাণে বাঁচলেন ২৫ যাত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, প্রাণে বাঁচলেন ২৫ যাত্রী
পুকুরে উল্টে যাওয়া দশমিনা এক্সপ্রেস। ছবি : এশিয়া পোস্ট

বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল বিমানবন্দর থানার ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছয়মাইল এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেকের সমস্যার কারণে চালক নিয়ন্ত্রণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে সরে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর বাসের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে রেকার দিয়ে বাসটি পুকুর থেকে সরানো হয়। আহত কয়েকজন যাত্রীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। গুরুতর আহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।