logo

খুলনায় রাস্তায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ, পাশে মোটরসাইকেল

খুলনায় রাস্তায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ, পাশে মোটরসাইকেল
মরদেহের পাশে থেকে উদ্ধারকৃত মোটরসাইকেল ও গুলির খোসা। ছবি: এশিয়া পোস্ট

খুলনা নগরীতে গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেনে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল পাওয়া যায়। পুলিশের ভাষ্য, নিহত তুষার সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮নং গলির বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা। তিনি পলাশ গ্রুপের সদস্য ছিলেন বলেও জানান ওসি।

পুলিশের কাছে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকায় খাদিমুল উলুম মাদ্রাসার সামনে রক্তের দাগ দেখা গেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে পাওয়া তথ্যে দাবি করা হয়েছে, সেখানে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন পড়ে যান। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসেন।

ওই সূত্রের দাবি, আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে দুর্বৃত্তরা তুষারকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তার পিঠে গুলি লাগে। পরে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে তার মৃত্যু হয়।

খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। তবে হত্যাকাণ্ডের কারণ, হামলাকারীদের পরিচয় এবং মাদ্রাসার সামনে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তুষার হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খুলনায় রাস্তায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ, পাশে মোটরসাইকেল - Asia Post