ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) এবং মর্জিনার ছেলে মিনাল (৫)। তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত অপর তিনজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর দেড়টার দিকে বাসটি আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।
