logo

ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ

ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ
ব্রিজের ওপর রেখে যাওয়া শেখ হাসিনার জন্মদিনের কেক। ছবি: এশিয়া পোস্ট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জন্য ব্রিজের ওপর কেক রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ফকিরাপুল ব্রিজের ওপর কেকটি রেখে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সংগঠনটির নেতা-কর্মীদের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ভিডিওতে অজ্ঞাত এক ব্যক্তির কণ্ঠে বলতে শোনা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর মডেল থানার ওসির জন্য কেকটি পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথাও বলা হয় ভিডিওতে। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার এবং ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও দাবি করা হয়।

ভিডিওতে সদর মডেল থানার ওসিকে কেকটি সহকর্মী এবং বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে খাওয়ার অনুরোধ জানানো হয়।

এ ছাড়া রেখে যাওয়া কেকটির ওপর লেখা ছিল, ‘শুভ জন্মদিন শেখ হাসিনা’। এর নিচে লেখা ছিল, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য’। কেকটিতে বাংলাদেশের জাতীয় পতাকার ছবিও আঁকা ছিল।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী এশিয়া পোস্টকে বলেন, বাস্তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই শহরে কোনো অস্তিত্ব কিংবা ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার উদ্দেশ্যে তারা এসব করছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কোনো রাজনৈতিক সুবিধা পাওয়া সম্ভব নয়। আমরা তাদের বিষয়ে সতর্ক ও সোচ্চার রয়েছি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম এশিয়া পোস্টকে বলেন, কেক রেখে যাওয়ার ঘটনার বাস্তবে কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এ ধরনের তথ্য প্রচার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।