logo

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
গাছা থানা। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন। তিনি গাজীপুর মহানগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে।

বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, কারখানায় কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার একটি অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, নিহত কার্তিকের বাঁ পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।