logo

কুষ্টিয়ায় বজ্রপাতে ধসে পড়ল রাইস মিলের গোডাউন

কুষ্টিয়ায় বজ্রপাতে ধসে পড়ল রাইস মিলের গোডাউন
বজ্রপাতে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে জাহীদ অটো রাইস মিলের গোডাউন ধসে পড়ার পর ইট ও ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বস্তাবন্দী ধান। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ায় বজ্রপাতের আঘাতে গোডাউনে আগুন লেগে ভবন ধসে ধানসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার খাজানগর এলাকায় ‘জাহীদ অটো রাইস মিলে’ এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি চলাকালে খাজানগরে জাহীদ অটো রাইস মিলের একটি ধানের গোডাউনে বজ্রপাত হয়। কড়কাড় শব্দের পরপরই গোডাউনের নিচে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে টিনের চালা ও দেয়াল ভেঙে গোডাউনটি সম্পূর্ণ ধসে পড়ে। আগুনে এবং বৃষ্টি ও আশপাশের পানিতে গোডাউনে থাকা সমস্ত ধান নষ্ট হয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোডাউন ধসে মিলের যন্ত্রাংশ, একটি মোটরসাইকেল ও কয়েক হাজার মণ ধানসহ অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী বিপ্লব হোসেন বলেন, বৃষ্টির সময় হঠাৎ গোডাউনে বজ্রপাত হয়। গোডাউনে থাকা সব ধান নষ্ট হয়ে গেছে। এটি অনেক বড় একটি গোডাউন ছিল, যেখানে এখনো প্রায় ৮-৯ হাজার বস্তা ধান রয়ে গেছে। আমার একটি মোটরসাইকেল গোডাউনের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পরপরই মিলের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

জাহিদ অটো রাইস মিলের ম্যানেজার জানান, হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে টিন ও দেয়াল ভেঙে নিচে পড়ে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

জাহিদ অটো রাইস মিলের স্বত্বাধিকারী জাহিদ এশিয়া পোস্টকে বলেন, দুপুরে বজ্রপাতের আঘাতে আমার ধানের গোডাউনটি ধসে পড়ে। সে সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। ধান, মোটরসাইকেল ও যন্ত্রাংশসহ অন্তত ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি আমি কিছুক্ষণ আগে জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।