logo

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মাগুরা থেকে ছেড়ে আসা ‘কিংফিশার’ নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আরও চারজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আল আমিন সারোয়ার বলেন, দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি; পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সরবরাহে থাকা ওষুধের পাশাপাশি বাড়তি ওষুধের ব্যবস্থা করার জন্যও সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কানাইপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, মধুখালীর আড়কান্দি এলাকায় অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম রেজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।