ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকেরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে চালকেরা মিছিল নিয়ে মহাসড়কের পাশে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়ক অবরোধ করেন। বেলা ১২টার দিকে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

আন্দোলনকারী চালকদের দাবি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের হয়রানি, অটোরিকশা আটক এবং অযথা টাকা আদায় বন্ধ করতে হবে। পাশাপাশি মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে আর কোনো শ্রমিক নেই।
