logo

ইটভাটায় কাজের সময় দেয়াল ধসে ২ শ্রমিক নিহত

ইটভাটায় কাজের সময় দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
ইটভাটায় কাজের সময় দেয়াল ধসে দুই শ্রমিক নিহত। ছবি : এআই দিয়ে তৈরি

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ইটভাটার কাঁচা দেওয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চরপুমদী ইউনিয়নের রামপুর এলাকায় ‘মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স’ নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন দক্ষিণ চরপুমদী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান উৎপল (২৭) এবং একই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)। তাঁরা দুজনই ওই ইটভাটায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইটভাটাটিতে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে হঠাৎ ইটের স্তূপ বা দেওয়াল ধসে পড়ে শ্রমিকদের ওপর। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইটভাটাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ সুরক্ষা নিশ্চিতকরণে কোনো কার্যকর ব্যবস্থা নেয় না। তাদের দাবি, পরিবেশ সুরক্ষার ছাড়পত্র না থাকায় পরিবেশ অধিদপ্তর এর আগে ইটভাটাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছয় লাখ টাকা জরিমানা করেছিল। তবে প্রশাসনিক নিষেধাজ্ঞার পরও পাশের একটি আবাসিক বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ইটভাটাটির কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছিল।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোমিন ভূঁইয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স মায়ের দোয়া ব্রিকস পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, সেখানে আপাতত কোনো কার্যক্রম চলার কথা নয়; বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।