ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে তার সরকার বদ্ধপরিকর। সব বিষয়ে সরকার দায়বদ্ধ থাকতে চায়।
মঙ্গলবার (১৯ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই, যেখানে সেবার জন্য অযথা অফিসে ঘুরতে হবে না এবং দুর্নীতি-হয়রানির শিকার হতে হবে না।
তিনি বলেন, সেবা দেওয়া জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। আমাদের লক্ষ্য একটি হয়রানি মুক্ত প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
তিনি আরও বলেন, প্রচলিত আদালতের বাইরেও জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা বিকল্প বিরোধ নিষ্পত্তির মত আইনানুগ ব্যবস্থায় জোর দেওয়া জরুরি।
তারেক রহমান বলেন, ভূমি-জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক ও প্রযুক্তি নির্ভর করা যায়, জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথও তত বেশি সহজ হয়ে যায়। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমিজমাসংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে।
তিনি জানান, আজ থেকে সারা দেশে তিন দিনব্যাপী এ ধরনের ভূমিসেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনি ইশতেহার পূরণ করেছে।
সরকার জনগণকে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে একের পর নির্বাচনি ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।
